বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসেছেন ঢাকায়। তিনিসহ বিদেশী ভিভিআইপিদের (অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি) চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন করতে শুক্রবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ বা বন্ধ থাকবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শুক্র ও শনিবার দু’দিন ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।
ডিএমপি থেকে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকায় চলাচলের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ রাখা হবে। এসব সড়কের মধ্যে রয়েছে বিমানবন্দর সড়ক, বিজয় স্মরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, রাসেল স্কয়ার, ধানমণ্ডি-৩২ নম্বর সড়ক, মিরপুর রোড, কল্যাণপুর, গাবতলী হয়ে ঢাকা–আরিচা মহাসড়কের সাভারের নবীনগর; তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রধান সড়ক ও ওই এলাকার উড়ালসড়ক; শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণি (ঢাকা মহানগর পুলিশ সদর দফতরের সামনে), কাকরাইল, বিজয়নগর, পল্টন, গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশের সড়ক ও মৎস্য ভবনের সামনের প্রধান সড়ক। এ ছাড়া তাৎক্ষণিক প্রয়োজনে যেকোনো প্রধান সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ ও বন্ধ থাকতে পারে।
এতে নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য ডিএমপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন শুক্রবার সকাল ১০ টা ৪৮ মিনিটে। হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তিনি তেজগাঁও বিমানবন্দরে আসেন সড়ক পথে। এরপর তিনি হেলিকপ্টারযোগে যান সাভারে শহীদ স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাতে। এরপর তার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে।
বিকেলে তিনি যাবেন শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে তার বক্তব্য রাখার কথা রয়েছে।
দু’দিনের এই সফরকালে নরেন্দ্র মোদি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে। নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। রাজধানীসহ দেশব্যাপী নেয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এমআর





