নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবির স্থানে উদ্ধার অভিযান শেষ হয়েছে।
নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী ডুবুরি দল নদীতে আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে কোনো লাশের সন্ধান পায়নি।বিকাল সাড়ে ৪টার দিকে উদ্ধার কাজ সমাপ্ত করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
শুক্রবার দুপুর ২টার দিকে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইনচার্জ নজরুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে শীতলক্ষ্যা নদীতে ৩০/৪০ জন যাত্রী নিয়ে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট থেকে বন্দরের উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী ট্রলারটি।
নদীর মাঝামাঝি গেলে এমভি সিটি ২৪ নামের একটি কার্গো জাহাজ (মুন্সীগঞ্জগামী) যাত্রীবাহী ট্রলারটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।
কিছু যাত্রী সাঁতরে কূলে ওঠে এবং আশপাশের নৌযান ও পুলিশ অন্যদের উদ্ধার করে।
নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই নৌ-পুলিশ ধাওয়া করে কার্গো জাহাজটিকে সনাক্ত করেছে। সেটিকে আটকের চেষ্টা চলছে।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জানান, বিআইডব্লিউটিএ এর ডুবুরি দল ট্রলারটিকে টেনে নদীর তীরে ওঠাবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহম্মেদ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রলারটির অবস্থান সনাক্ত করেছে। ট্রলারটি নদীর প্রায় ৩৫ ফুট গভীর রয়েছে।
ডুবুরি দল ট্রলার ও আশপাশের এলাকায় ব্যাপকভাবে তল্লাশি চালিয়ে কোনো লাশ পায়নি। নিখোঁজ রয়েছে এমন কোনো অভিযোগও কেউ করেনি।
ট্রলারটি বিআইডব্লিউটিএ এর তত্ত্বাবধানে রয়েছে। বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী দল সেটিকে টেনে তীরে নিয়ে যাবে।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





