করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০ ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮১৯ জন।
একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৭১৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৪ হাজার ২০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ১৯৪টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৭৯১টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৫টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব ১৪ জন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, সিলেটে দুজনও ময়মনসিংহে বিভাগে একজন।
গত বছরের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার (১২ জানুয়ারি) পর্যন্ত মোট মৃত্যু সাত হাজার ৮১৯ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৯৩৭ (৭৫ দশমিক ৯৩ শতাংশ) ও নারী এক হাজার ৮৮২ জন (২৪ দশমিক শূন্য ৭ শতাংশ)।
এমবি





