দুই দফা বন্দুকযুদ্ধে পালিয়ে যাওয়ার পর ৩য় দফায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' আলোচিত সন্ত্রাসী ও ডাকাত সর্দার দেলোয়ার হোসেন দেলু ওরফে মাস্টার দেলু (৩৯) নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টায় নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এসও রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক মাদক, অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে র্যাব। দেলোয়ার হোসোন দেলু শহরের নগর খানপুর এলাকার এলাকার মতিন ওরফে জমির বেপারীর ছেলে।
নারায়ণগঞ্জ র্যাব-১১ এর সিপিসি-১ এর কমান্ডার এএসপি শিবলী সাদিক ও এএসপি আলেপ উদ্দিন জানান, দেলোয়ার হোসেন দেলুকে আটকের পর পাঠানটুলী এলাকাতে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে র্যাবের উপর গুলি ছুঁড়ে ও হামলা করে তার বাহিনীর লোকজন। র্যাবও পাল্টা গুলি করলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় দেলু গুলিবিদ্ধ হন। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, ককটেল উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনাটি পরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে জানানো হবে বলে তারা জানান।
জেড





