বরিশাল নগরীর কাঠপট্টি এলাকায় একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যাকাতের শাড়ি ও অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
নিহতরা হলেন-সরদ উপজেলার কর্ণকাঠি এলাকার ফজলে আলীর স্ত্রী ফিরোজা (৫০) ও রসুলপুর এলাকার মোহনের স্ত্রী নুপুর(৩৫)।
নুপুরের সঙ্গে থাকা প্রতিবেশী বিলকিস জানান, সকালে কাঠপট্টি এলাকায় একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে যাকাত বিতরণ করা হচ্ছিল। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে ফিরোজা ও নুপুরসহ সাতজন মাটিতে পড়ে পদদলিত হন। এতে গুরুতর আহত হলে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক হাবিবুর রহমান আহতদের মধ্যে ফিরোজা ও নুপুরকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস





