টঙ্গি এলাকা থেকে শুক্রবার ভোরে এক নির্মাণ শ্রমিক নেতাকে আটক করে তাকে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংক ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদে কাজ বন্ধ রেখে আশুলিয়ায় থানায় অবস্থান নেন গাজিপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যরা। আটককৃত ওই নির্মাণ শ্রমিকের নাম সাইফুল ইসলাম (৪৫)। সে গাজিপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি।

শুক্রবার টঙ্গির খাঁ পাড়ার মোল্লাবাড়ি এলাকার নিজ বাসা থেকে ঘুমন্ত অবস্থায় তাকে আটক করে পুলিশ। পুলিশ একই এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে দেশিয় অস্ত্র, ম্যাগজিন ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে বলে দাবি করছে।

এলাকাবাসী ও নির্মাণ শ্রমিকরা জানান, শুক্রবার ভোরে একদল পুলিশ টঙ্গির খাঁ পাড়ার মোল্লাবাড়ি এলাকার একটি নির্মাণাধীন বাড়ির মালিকের খোঁজ করে। ওই বাড়িতে কাউকে না পেয়ে পুলিশ সদস্যরা আশপাশের লোকজনদের কাছে জানতে চান ওই বাড়ির মালিক কে।

এসময় এলাকাবাসী বাড়ির মালিকের কোনো খোঁজ না দিতে পেরে দুই বছর আগে ওই বাড়িতে নির্মাণের কাজ করেছে এমন এক নির্মাণ শ্রমিকের ঠিকানা দেয়। তার কাছে গেলে ওই বাড়ির মালিকানার খোঁজ পাওয়া জেতে পারে বলে জানান এলাকাবাসী।

এরপর পুলিশ নির্মাণ শ্রমিক ও গাজিপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলামের খোঁজে তার বাড়িতে যায়। এ সময় পুলিশ সদস্যরা ঘুমন্ত অবস্থা থেকে ডেকে তুলে সাইফুলকে তাদের সঙ্গে যেতে বলে। পরে নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এরপর আটক করা অপর আরেকজনের সঙ্গে সাইফুলকে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংক ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বলে আটক করে থানায় নিয়ে যায়।

তবে স্থানীয় এলাকাবাসী ও সাইফুলের সহকর্মী নির্মাণ শ্রমিকরা জানান, সাইফুল অনেক ভালো মানুষ। সে পাঁচ ওয়াক্ত নামাজ পরে এবং খুব সৎ মানুষ। তাকে শুধুমাত্র দুই বছর আগে একটি বাড়ির নির্মাণ কাজ করার কারণে আটক করা হয়েছে। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং এর প্রতিবাদে আশুলিয়া থানায় নির্মাণ শ্রমিকরা অবস্থান নেয়। তারা অবিলম্বে সাইফুলের মুক্তির দাবি জানান।

সাইফুলের পরিবারের লোকজন জানিয়েছে, সে কখনো ডাকাতি তো দূরের কথা কোনো ছোট- খাটো অপরাধের সঙ্গেও ছিল না। তার এক ভাই আওয়ামী লীগের এক অঙ্গ সংগঠনের নেতা এবং পরিবারের অধিকাংশ লোকজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আউচপাড়া এলাকার জনৈক খালেকের বাড়িতে অভিযান চালায়।

এ সময় চারটি চাপাতি, একটি পিস্তলের ম্যাগজিন ও কিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এসময় সাইফুল নামে এক যুবককে আটক করা হয়। আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারের উদ্দেশে এ অভিযান চালানো হয়। আটক সাইফুল ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত আছে কিনা তা পরে জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতের গুলি ও অস্ত্রের আঘাতে ব্যাংকের ব্যবস্থাপক মো. অলিউল্লাহসহ আটজন নিহত হন। এসময় গণপিটুনিতে এক ডাকাতও নিহত হয়। এছাড়া আহত ১৬ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

জেএ