ভোলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ভোলা সরকারি কলেজের অনার্স (সম্মান) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় নবীন বরন অনুষ্ঠানের মাধ্যমে। সকাল ১০টায় কলেজের বকুল তলায় শুরু হয় এই অনুষ্ঠান।

নবীন বরণ অনুষ্ঠানের প্রথমে অর্থসহ কোরআন তিলাওয়াত করেন ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্র হাফেজ মোঃ ওমর ফারুক। এর পরই সকলে একত্রে দাঁড়িয়ে জাতীয় সংগীত গান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের প্রফেসর এ টি এম রেজাউল করিম। নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে প্রবিণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জিকরুল আমিন। ছাত্রলীগের কলেজ সভাপতিসহ অন্যান্য ছাত্র নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কলেজের অনুমোদিত ৪টি ভবন নির্মাণের পর উপজেলা পরিষদ থেকে ভোলা কলেজের জন্য একটি অত্যাধুনিক অডিটরিয়ামের ব্যাবস্থা করে দেবেন। কলেজের মাঠটিকে ভরাট করে দেয়ারও ঘোষণা দেন।

তিনি আরও বলেন, অন্যান্য স্থানের মতো অতি তাড়াতাড়ি ভোলায় একটি মেডিকেল কলেজ তৈরি করার চিন্তা ভাবনা করছি, যাতে করে আমাদের ছাত্র-ছাত্রীরা মেডিকেল কলেজে পড়ালেখা করতে পারেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার বলেন, ২০১১ সালে এ কলেজে অধ্যক্ষ হিসেবে আসার পর দেখি নবীনদের অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হচ্ছেনা। আলাদা আলাদা বিভাগে স্বল্প পরিসরে নবীনদের বরণ করছে। ২০১৩ সালে নবীনদের অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেই। ২০১৪ সালে করার চেষ্টা করেও বৃষ্টির কারণে করতে পারিনি। এবার আমরা সক্ষম হয়েছি।

নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা সবাই ফুলের মতো সুন্দর, সুরভিত হবে। আমি আশা করি তোমরা সকলে মাদককে না বলবে, নিয়মিত পড়ালেখা করবে। আমরা তোমাদেরকে মাথা উঁচু করা দেখতে চাই, নিচু করা নয়। এমন কোনো কাজ করবে না, যা তোমাদের ও প্রতিষ্ঠানের ক্ষতি হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপাধ্যক্ষ প্রফেসর মহসিন গোলদার, আব্দুল গফুর, এ কে এম আলমগীর হোসেন, শিক্ষা পরিষদের সম্পাদক ও ব্যাবস্থাপনা বিভাগীয় প্রধান মোঃ জামাল উদ্দিন। এ ছাড়াও বিএনসিসি ও রোভার বিষয়ক বক্তব্য দেন প্রফেসর মোসাম্মদ মাহবুবা আলম। বক্তব্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কেএইচ