প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট দুই হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে।
একইদিনে করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯২৮ জনের। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭ হাজার ৪৫৩ জনে।
সোমবার (২০ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৩২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯২৮ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭ হাজার ৪৫৩ জনে।
আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৬৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯১৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৩ হাজার ৫৫৬ জনে।
গত ২৪ ঘণ্টায় যে ৫০ জন মারা গেছেন তাদের পুরুষ ৩৫ জন এবং নারী ১৫ জন। এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব নয়জন, ষাটোর্ধ্ব ২০ জন, সত্তরোর্ধ্ব চারজন, ৮০ বছরের বেশি বয়সী দুইজন ও ৯০ বছরের বেশি বয়সী একজন ছিলেন। তাদের ২১ জন ঢাকা বিভাগের, সাতজন চট্টগ্রাম বিভাগের, পাঁচজন রাজশাহী বিভাগের, ১০ জন খুলনা বিভাগের, দুজন রংপুর বিভাগের, তিনজন সিলেট বিভাগের এবং দুজন ছিলেন বরিশাল বিভাগের।
এমবি





