চট্টগ্রামে মিমি সুপার মার্কেট থেকে এএস টাওয়ার পর্যন্ত ছয়টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।

নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকায় সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, একরামুল নামের এক যুবকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত এ হামলা ও লুটপাট চালায়।

তারা অন্তত ৬টি দোকান ভাঙচুর করে ও ফুটপাতে থাকা দোকানগুলো থেকে টাকা-পয়সা লুটে নিয়ে যায়।

এ সময় দুর্বৃত্তরা এএস টাওয়ারে অবস্থিত গণমাধ্যম গবেষণা প্রতিষ্ঠান নান্দনিকের পরিচিতিফলকও ভাঙচুর করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন মাহমুদজানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছি। তবে কাউকে আটক করা যায়নি।

তিনি আরও বলেন, হামলাকারীদের খুঁজে বের করতে আমাদের অভিযান অব্যাহত আছে। কিন্তু রাত আড়াইটা পর্যন্ত সুনির্দিষ্ট কারও কোনো অভিযোগ আমরা পাইনি।

ঢাকা,১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর