তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ৩৫ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরপুর গ্রামের সমশের আলীর ছেলে কবির আহমদ (৪০) ও মসিক মিয়ার ছেলে বতু মিয়া (৪৫)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তাদের মধ্যে সাত জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ছাতক ও কৈতক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছু দিন ধরে পীরপুর গ্রামের সমশের আলর ছেলে কবির আহমদ ও মসিক মিয়ার ছেলে সেলিম আহমদের বিরোধ চলে আসছিল।

শুক্রবার দুপুর ১২টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে কবির ও সেলিমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুপুর ১টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩৭ জন আহত হয়।

আহতদের মধ্যে কবির আহমদ ও বতু মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এআর