নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ নারী গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সদর উপজেলার ফতুল্লায় পূর্ব ইসদাইরে ‘জব্বার ফ্যাশন’ নামের ওই কারখানার শ্রমিকদের সঙ্গে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসবি গার্মেন্টসের শাখা প্রতিষ্ঠান জব্বার ফ্যাশনে ৫ বছর ধরে প্রায় ৪০০ শ্রমিক চাকরি করে আসছেন। ১৬ এপ্রিল হঠাৎ এক মাসের বেতন না দিয়ে কারখানার মূল ফটকে তালাবদ্ধ করে মালিক আত্মগোপন চলে যান।
এরপর থেকেই শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। এরই জের ধরে রবিবার সকালে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকেন। কিন্তু মালিকপক্ষ খুলে না দেওয়ায় ভাঙচুরের চেষ্টা চালায় শ্রমিকরা।
শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে শ্রমিকরা। পরে পুলিশ লাঠিচার্জ করলে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে ৭ নারী গুলিবিদ্ধসহ ১৫ শ্রমিক আহত হন।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সোহাগ জানান, তাদের হাসপাতালে ৭ নারী শ্রমিককে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম জহির জানান, সকালে কারখানা খুলে দেওয়ার জন্য শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকরা পুলিশ দেখেই উত্তেজিত হয়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড গুলি ছোড়ে।
পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
এমকে





