খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ছয় বছরের এক ছেলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তির নাম মো. ছিদ্দিক মিঞা।
তার বয়স ৬৫ বছর। সে দীঘিনালা উপজেলা মধ্য বোয়ালখালী এলাকার মৃত আবদুল করিমের পুত্র।
এ ঘটনায় যৌন নির্যাতনের শিকার শিশুর পিতা বাদী হয়ে বুধবার দীঘিনালা থানায় মামলা দায়ের করেছেন।
যৌন নির্যাতনের শিকার শিশুর পিতা এবং মামলার এজাহারের সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার নিজ বাড়িতে শিশুটিকে একা পেয়ে, চানাচুর ও আমড়া খাওয়ানোর ছলে ছিদ্দিক মিঞা শিশুটিকে তার পুত্র বধুর শোয়ার ঘরে নিয়ে যায়।
সেখানে জোরপূর্বক শিশুটিকে বলৎকার করে। এতে শিশুটি রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বের হয়ে এসে ছিদ্দিক মিঞার বাড়ির উঠোনের মধ্যে কান্নাকাটি করতে শুরু করে। পরে শিশুটির মা এবং প্রতিবেশীরা এগিয়ে এলে ছিদ্দিক মিঞা বাড়ি থেকে পালিয়ে যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এব্যাপারে শিশুর পিতা মো. আবদুর রাজ্জাক জানান, আমার ছেলে এখনো সুস্থ হয়নি। এখনো তার পায়ুপথে রক্তক্ষরণ হচ্ছে।
এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় অভিযুক্ত আসামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বকর/ জেড





