হবিগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে শহরের বগলাবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের বগলাবাজার এলাকার মৃত নারায়ণ দেবের ছেলে রাজন দেব (২১) ও উমেদনগর এলাকার মৃত মাখন মিয়ার ছেলে নূরুল আলম (২২)।
জানা যায়, ২৬ আগস্ট হবিগঞ্জ বিকেজিসি সরকারি উচ্চবিদ্যালয় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে শহরের কামড়াপুর এলাকার সেলিম মিয়ার ছেলে সিরাজ মিয়া (২০)।
ওইদিন সিরাজ তাকে ধর্ষণ করে। আর এ ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তার বন্ধু নূরুল আলম। পরে ওই ভিডিও সিরাজ, তার বন্ধু নূরুল আলম ও রাজন ইন্টারনেটে ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, রাজন ওই ভিডিও স্থানীয়ভাবে বিভিন্ন যুবকের কাছে বিক্রিও করে।
সোমবার ভিডিওটি দেখতে পান ওই স্কুলছাত্রীর বাবা। ওইদিন রাতে তিনি সিরাজকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





