কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবলীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো: রুহুল কাদের (৩৫)।

সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে মহেশখালী উপজেলার কালারমার ছড়া বাজারের পূর্বপাশে ফকির জুম পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত যুবলীগ নেতা ওই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে এবং মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।

নিহতের ভাই কালারমার ছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: আব্বাস বলেন, “পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

মহেশখালী থানার ওসি মো: আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম বলেন, মহেশখালীর কালারমার ছড়ায় আধিপত্য বিস্তার নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। যিনি নিহত হয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিকভাবে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এমবি