চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার আরেফিননগর এলাকার নিজ বাসা থেকে লিপি বেগম (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ এই গৃহবধূর ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করে। লিপি আক্তার আত্মহত্যা করেছে নাকি হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মুরাদ (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গৃহবধূ লিপি আক্তার আরেফিননগর এলাকায় তার স্বামী মুরাদ মিয়ার সঙ্গে বসবাস করতেন। সোমবার দুপুরে লিপি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রতিবেশীদের জানায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বায়েজিদ বোস্তামি থানার এসআই স্বপন কুমার সাহা জানান, ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ লিপি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এই গৃহবধূ আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মুরাদ মিয়াকে আটক করা হয়েছে।
নিহত লিপি আক্তারের ৭ মাস বয়সী শিশু সন্তান রয়েছে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





