অব্যাহত পানি বৃদ্ধিতে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ২৬ সেন্টিমিটার বেড়ে বৃহস্পতিবার সকালে বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রায় দুই সপ্তাহ ধরে যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জামালপুরের সাত উপজেলার ২ লাখেরও বেশি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট চলছে। ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ।
মেলান্দহ উপজেলার মাহামুদপুর সড়কের ডাইভারশন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় জামালপুর-মাহামুদপুর সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ১৬ হাজার ৩১১ হেক্টর জমির রোপা আমন, আমনের বীজতলা, আউশ, সবজিখেত পানিতে তলিয়ে গেছে।
জেলা শিক্ষা অফিসার শামছুল হক খান জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় এখন পর্যন্ত জেলার ১৬৪টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে স্কুল রয়েছে ২৭টি এবং প্রাথমিক স্কুল রয়েছে ১৩৭টি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য এ পর্যন্ত ১৪১ মেট্রিক টন চাল আর ১১ লাখ টাকার শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





