নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে নোয়াখালী ও চৌমুহনী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন উপজেলা ভূমি অফিসের সংলগ্ন কাছারি বাড়ি জামে মসজিদে নামাজ পড়তে যাবার সময় মুসল্লিরা প্রধান সহকারি কাম হিসাব রক্ষক কক্ষের মধ্যে আগুন জ্বলতে দেখে চৌমুহনী ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, ওই কক্ষের পশ্চিম পাশের একটি জানালার কাচ ভাঁঙ্গা ছিল ও ভিতরে একটি কেরোসিনের বোতল পাওয়া যায়।
বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) খন্দকার মো. রেজাউল করিম জানান, আগুনে অফিসের প্রধান সহকারির কক্ষ পুড়ে গেছে। এতে ওই কক্ষে থাকা একটি কম্পিউটার, টেবিল, চেয়ার, ৩টি আলমারি, সরকারি নথিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
তবে কিভাবে এই আগুনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বা বেশির ভাগ ভূমির মালিকানা নিয়ে মামলা রয়েছে বিধায় ব্যক্তি স্বার্থেও আগুন দিতে পারে দুর্বৃত্তরা।
নাশকতার বিষয় জানতে চাইলে তিনি জানান, নাশকতা কিনা এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। কক্ষের পশ্চিম পাশের একটি জানালার কাচ ভাঁঙ্গা ছিল ও ভিতরে কেরোসিনের গন্ধ পাওয়া যায়। তবে তদন্ত করে বিস্তারিত পরে বলা যাবে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের কর্মকর্তাদের মতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এআর





