জেলার মানিকছড়ি উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে গচ্ছাবিল ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।

গচ্ছাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালামের বাসা থেকে সোমবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। একই সময় ওই বাসা থেকে ধর্ষিতাকেও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ওই নারীর (২৭) বাড়ি চট্টগ্রামে হাটহাজারীতে। ওই নারীর সঙ্গে যুবলীগ নেতা বিল্লাল হোসেনের পূর্ব পরিচয় ছিল। বিল্লাল রবিবার কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনে ওই নারীকে মানিকছড়ি আসতে বলেন। ওই নারী রবিবার রাত ১১টার দিকে গচ্ছাবিলে পৌঁছলে বিল্লাল হোসেন তাকে বাসায় নিয়ে দুবার ধর্ষণ করেন।

বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে গচ্ছাবিল ইউনিয়ন পরিষদের সদস্য নাসিমা বেগম ও শিউলী আক্তার ধর্ষিতাকে ইউপি চেয়ারম্যান আবুল কালামের বাসায় নিয়ে যান। সেখানে মীমাংসার জন্য এক সালিশি বৈঠক চলাকালে পুলিশ খবর পেয়ে ওই বাসায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেনকে আটক ও ধর্ষিতাকে উদ্ধার করে।

ওই নারী সাংবাদিকদের জানিয়েছেন, বিল্লাল হোসেন তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক দুবার ধর্ষণ করেছে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিল্লাল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই