নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চান্দারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার ধানুয়া গ্রামের হারুন মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২৪) এবং একই উপজেলার বৈলাব গ্রামের সিএনজিচালক রিপন মিয়া (৩৫)। লামিয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন, নিহত লামিয়া আক্তারের মা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আসমাউল হুসনা, মজিবুর রহমান (২৬) ও রহিম (৩৮)। হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
পুলিশ জানিয়েছে, গতকাল রাতে উপজেলার চান্দারটেক এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া মঠখোলাগামী রয়েল পরিবহনের সঙ্গে ইটাখোলাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজিচালক রিপন মিয়া। এ সময় আহত হন সিনএনজির চার যাত্রী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী (হেলপার) পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আফতাব।
এমআর





