গাজীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ চারপরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার বিকালে গাজীপুরসহ দেশের ১৭টি জেলায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীর নাম জহিরুল ইসলাম। তিনি গাজীপুরের চান্দনা হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ছিলেন। সরকারি কর্মচারি কর্তৃক যথাযথভাবে জারিকৃত আদেশ অমান্যকরণ-এর শাস্তিস্বরূপ দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া রহমান ওই পরীক্ষার্থীকে এ দণ্ডদেশ দেন।

গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়া সেলের সহকারি কমিশনার ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাস জানান, জেলায় ১৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৯৪৮। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৬৮২ জন এবং বহিষ্কার হয়েছেন ৪ জন। বহিষ্কৃতদের মধ্যে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেএইচ