এডিস মশার প্রজননস্থল ধ্বংসের জন্য বিশেষ করে বিভিন্ন নির্মাণাধীন ভবনগুলো সেগুরো যাচাই বাছাইয়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) আজ থেকে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীদের খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন 'ডিএসসিসি'র মেয়র সাঈদ খোকন ।
মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্মাণাধীন যেসব ভবনে পানি জমে থাকছে সেসব ভবনের মালিক ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হচ্ছে। কিন্তু অনেকেই তা শুনছেন না। তাই নির্মাণাধীন ওইসব ভবনে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে আজ থেকে ভ্রাম্যমাণ আদালত শুরু হবে। এডিস মশার প্রজননস্থল ও লার্ভা পাওয়া গেলে ওইসব নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেয়র বলেন, ৬৮টি মেডিকেল টিম পাড়া-মহল্লায় কাজ করছে। তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে। যে সমস্ত পাড়া-মহল্লায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে তাদেরকে হাসপাতালে ভর্তিসহ বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে। আমাদের ৫৭টি ওয়ার্ডে স্বাস্থ্যবিভাগের ইন্সপেকশন টিম যাচ্ছে। যেসব বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে সে সমস্ত বাসার এডিস মশার লার্ভা ধ্বংস করা হচ্ছে। ভবিষ্যতে যাতে এডিস মশার লার্ভা না জমে সে জন্য প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
তিনি বলেন, আমাদের টার্গেট রয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ২৫ হাজার বাসা এডিস মশার লার্ভা মুক্ত করব। আমাদের নাগরিকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ইতোমধ্যে ভ্রাম্যমাণ মেডিকেল টিম ২৫ হাজারের বেশি রোগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেছে।
জেড





