বগুড়ার শেরপুর শহর এলাকার একটি বসতবাড়ি ও তালুকদার নামে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

শহরের ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ধুনটমোড় সরকারি খাদ্যগুদামের বিপরীত পাশে অবস্থিত শেরপুর ডিগ্রি কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের প্রভাষক আশেফ ইকবাল শাহিনের মালিকানাধীন বসতবাড়ি ও মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দু’দফা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বাড়ি ও মার্কেটের মালিক প্রভাষক আশেফ ইকবাল শাহিন জানান, আগুন লাগার আগমুহূর্ত পর্যন্ত তিনি কাজের জন্য ধুনটমোড় এলাকায় অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসেন।

তিনি জানান, বাড়ির সামনে অংশে নির্মিত মার্কেটের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এরপর মার্কেটসহ পুরো বাড়িতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

এতে মার্কেটের ২টি দোকান ও তার পাঁচ কক্ষ বিশিষ্ট বাড়ির সবকিছুসহ দি নিউ এজ টিউটোরিয়াল হোম নামে একটি কোচিং সেন্টারের যাবতীয় আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

এমকে