চাঁপাইনবাবগঞ্জে এক কলেজ ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে প্রকাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবিকারী রাজন ওরফে রাজু (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ শহরের বারোঘোরিয়া এলাকায় দাবিকৃত চাঁদার টাকা নিতে আসলে বুধবার বিকেলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। আটককৃত রাজন শিবগঞ্জ উপজেলার লয়ালাভাঙ্গা ইউনিয়নের তৈয়েমুর রহমানের ছেলে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, বেশ কয়েক মাস আগে থেকে রাজন ওই ছাত্রীকে মোবাইলে আপত্তিকর কথাবার্তা ও অশ্লীল খুদে বার্তা প্রেরণ করে আসছিল। এক পর্যায়ে রাজনের প্রস্তাবে ওই ছাত্রী সাড়া না দেয়ায় তার বাবাকে খুনের হুমকি দেয়। এর কয়েকদিন পর আবারো মেয়েটির পথ রোধ করে রাজন প্রেমের কথা বলে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি তাতে সাড়া না দেওয়ায় গত ১৯ নভেম্বর সকালে শহরের প্রফেসর পাড়ায় তার পথরোধ করে জোরপূর্বক পাশের একটি মেসে নিয়ে যায় রাজন। সেখানে সে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিওচিত্র মোবাইলে ধারণ করে। ওই মেয়েকে বিষয়টি কাউকে কিছু না জানানোর জন্য ভয়-ভীতি প্রদর্শন করে এবং ঘটনা কাউকে জানালে উক্ত ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়।

এরপর রাজন ওই ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ওই মেয়ের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা দাবী করে। মেয়েটি তাকে কয়েকবার ৫০০-৭০০ টাকা করে দেয়। কিন্তু ওই মেয়ের কাছে রাজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে ইন্টারনেটে ভিডিও প্রকাশের হুমকি দেয়। অবশেষে উপায় না দেখে মেয়েটি প্রথমে তার মায়ের কাছে বিষয়টি জানায়।

মেজর কামরুজ্জামান পাভেল বলেন, এরপর মঙ্গলবার ওই মেয়ে তার অভিভাবকসহ র‌্যাব ক্যাম্পে এসে বিষয়টি জানালে আমরা রাজনকে ধরতে গেয়েন্দা তৎপরতা শুরু করি।

বুধবার আবারও দুই লাখ টাকা চাঁদা দাবি করলে রাজনকে টাকা নিতে আসতে বলা হয়। সে টাকা নিতে আসলে শহরের বারোঘরিয়া এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

মেজর কামরুজ্জামান পাভেল আরও জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে রাজন তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে। রাজনের মোবাইল থেকে উক্ত ভিডিওচিত্রটি উদ্ধারও করা হয়।

রাজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

কেএইচ