গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয় বলে জানা যায়।

বুধবার দুপুরে সদর উপজেলার কাঠি ও ভোজরগাতী গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ১৫ জনকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষের বুধবার সকালে ভোজরগাতী স্কুল মাঠে কাঠি ও ভোজরগাতী গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়।

খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে ওই দুই গ্রামের ৪/৫ শত লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের ভোজরগাতী ব্রীজের ওপর সংঘর্ষে লিপ্ত হন।

দেড় ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে ইটের আঘাতে ও রামদার কোপে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা গ্রেফতারের ভয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাপক পরিমাণ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে আটক করেছে।

সংঘর্ষ চলাকালে প্রায় দেড় ঘণ্টা গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে প্রায় অর্ধশতাধিক যান আটকা পড়ে।

গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন মোল্যা রাবার বুলেট নিক্ষেপের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ