নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, পিনাক-৬ উদ্ধার কাজে আমরা ব্যর্থ হয়েছি একথা বলা উচিত নয়। কারণ আমরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পদ্মা নদীতে লোহার একটা কিছু শনাক্ত করতে পেরেছিলাম। কিন্তু অতিমাত্রায় স্রোত থাকায় ডুবুরিরা নদীতে নামতে সাহস পায়নি।

বৃহস্পতিবার দুপুরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং শিল্পে সাফল্য ও অর্থনীতিতে বাংলাদেশ ৫ম শক্তি মূল্যায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

লঞ্চডুবি নিয়ে অনেকেই রাজনীতি করছেন উল্লেখ করে শাহজাহান খান বলেন, বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়ে বলেছে, সরকার এই লঞ্চ ডুবিয়েছে। আমার প্রশ্ন হল, সরকার কীভাবে ডুবাবে?

গত পাঁচ বছরে বাংলাদেশ জাহাজ শিল্পে অনেক দূর এগিয়ে গেছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, বর্তমানে ডেনমার্ক, জার্মানিসহ পৃথিবীর অনেক বড় বড় দেশ আমাদের দেশ থেকে জাহাজ ক্রয় করছে। অথচ কয়েক বছর আগেও তাদের কাছ থেকে আমাদের জাহাজ কিনতে হতো।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, পৃথিবীর সাগর ও মহাসাগরে বাংলাদেশের তৈরি জাহাজ চলাচল করছে। যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
ভবিষ্যতে এ শিল্প আরও অনেক দূর এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহাম্মদ আবদুল খালেক, খান ব্রাদার্স গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান প্রমুখ।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ