ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ বলেন, প্রবীর সিকদারকে যতক্ষণ পর্যন্ত মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত সর্বস্তরের সাংবাদিক সংগঠন থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এই আন্দলনের ফলে অস্থিরতা আরও বৃদ্ধি পাবে, কমবে না।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষুব্দ সাংবাদিক সমাজ আয়োজিত প্রবীর সিকদারের নিঃর্শত মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে
শাবান মাহমুদ বলেন, প্রবীর সিকদারের মত একজন মুক্তমনা কলম সৈনিককে মুক্তি না দিয়ে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে প্রশাসন যে অমানবিকতা দেখিয়েছে তা কোনমতে মেনে নেওয়া যায় না। তার মত একজন পঙ্গু ব্যক্তির উপর রিমান্ড চলতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, প্রবীর সিকদার একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি রাজাকারদের মুখোশ উন্মোচন করতে গিয়ে হামলার স্বীকার হয়েছেন এবং ইদানীং তার একটি হাতও অচল। তার প্রিতিদিনের স্বাভাবিক কাজগুলো করতে একজন সহযোগীর প্রয়োজন হয়।
প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে এ সময় বক্তারা বলেন, আপনি আমাদের আস্থার ঠিকানা। আপনি আপনার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে রিমান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে মুক্তির ব্যবস্থা করবেন। আপনার কাছে এই আবেদন জানাচ্ছি আমরা।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কার্ত্তিক চ্যাটার্জি, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ক্র্যাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবির চৌধুরী তন্ময় প্রমুখ।
এমএ/এসএইচ





