গৃহবধূর লাশ নিয়ে স্বামী, শাশুড়িসহ কয়েকজন গাইবান্ধায় গৃহবধূর বাবার বাড়িতে এলে খুনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

গতকাল গাইবান্ধা শহরের প্রফেসর কলোনি এলাকায় নিহত কাকলী বেগমের (২০) বাবার বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

স্থানীয়রা জানান, ঢাকায় শ্বশুর বাড়িতে স্বামীর নির্যাতনে মারা যান কাকলী বেগম। সকালে তার লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে স্বামী শাহীন মিয়া, তার মা রেজিয়া বেগম, খালাত ভাই রফিকুল ইসলাম ও তার স্ত্রী কাজলী বেগম গাইবান্ধার প্রফেসর কলোনি এলাকায় কাকলীদের বাড়িতে আসেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান পাখির বাড়িতে রেখে পুলিশকে খবর দেন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে থানায় আনা হয়েছে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাকুলির মা অভিযোগ করেন, যৌতুকসহ নানা কারণে শ্বশুরবাড়ির লোকজন কাকলীকে নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় তিন দিন আগে নির্যাতনের এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

রুবেল/এমবি