মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বেলা ১০টার দিকে উপজেলার বাঘরা ইউনিয়নের কাঠালবাড়ী এলাকায় মামুন ও সবুজ আলী গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই র্যাব-১১ ও শ্রীনগর থানা পুলিশ অস্ত্র উদ্ধারের অভিযানে নামে।
সবুজ আলী বাঘরার ২০০১ সালের আলোচিত ফাইভ মার্ডার মামলার আসামি আনোয়ার আলীর ছেলে। মামুন ফাইভ মার্ডার ঘটনায় নিহত মনোয়ার আলী চেয়ারম্যানের ভাই।
এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দুপক্ষেরই আলাদা আলাদা বাহিনী রয়েছে বলে স্থানীয়রা জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় জমিজমার বিরোধ ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে সবুজ আলী মাদবর ও মামুন মাদবরের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সবুজ আলী গ্রুপের লোকজন ৮-১০ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, দুপুর দুইটার দিকে মামুন, সবুজ আলী ও আবুল কালামকে গ্রেফতার করা হয়। এসময় সবুজ আলীর ঘর থেকে একটি দোনলা বন্দুক এবং মামুন মাদবরের ঘর থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এমই





