প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল। কিন্তু এটা অনেকের পছন্দ নয়। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করেছিল। এরা মানুষ না এরা জানোয়ার।

আজ (বৃহস্পতিবার) বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া দেশে থেকে মানুষ পুড়িয়ে মেরেছেন। তার হাত থেকে শিশুরা পর্যন্ত রেহাই পায়নি।

খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, এখন বিদেশের মাটিতে বসে তিনি (খালেদা) নতুন ষড়যন্ত্র শুরু করেছেন।

শেখ হাসিনা বলেন, নৌকা মার্কাই এদেশে স্বাধীনতা এনে দিয়েছে। নৌকা মার্কা যখনই জয় হয়েছে, এদেশের উন্নয়ন হয়েছে।

বিএনপি-জামায়াতকে জঙ্গিবাদের দোসর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোন জঙ্গিবাদ, মাদকসেবী, সন্ত্রাসের স্থান বাংলাদেশের মাটিতে হবে না।

তিনি যুবক সমাজকে মাদক সেবন থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, তোমাদেরকে পড়াশুনায় মনোযোগী হতে হবে।

যুবকদের উন্নয়নে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যুব উন্নয়ন ও লেবার মন্ত্রনালয়সহ সরকারের বিভিন্ন সংস্থা যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। ২০২১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হবে।

কুড়িগ্রাম ও অতদ অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার প্রসারে এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে মর্মেও স্থানীয় মানুষের কাছে অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

কুড়িগ্রামের মানুষকে তাদের ছেলে-মেয়েদের ঠিকমতো শিক্ষা-প্রতিষ্ঠানে পাঠানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের স্কুল-কলেজগুলোর সংস্কার করা হবে।

এছাড়া কুড়িগ্রামের সড়ক ব্যবস্থাকে আরও উন্নত করা হবে-এমন প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা বলেন, এই এলাকা আর পিছিয়ে থাকবে না।

তিনি বলেন, এখানে প্রায়ই নদী ভাংগন হয়। মানুষ সব কিছু হারিয়ে নি:স্ব হয়ে যায়। এটা আর থাকবে না। এই এলাকা মঙ্গা এলাকা হিসেবে পরিচিত। আর মঙ্গা থাকবে না। মানুষ এই শব্দ ভুলে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি গ্রামকে উন্নত করা হবে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রত্যেকটি বাড়িকে স্বাবলম্বী করা হবে।

শেখ হাসিনা বলেন, আমাদের কাছে কোন দাবি-দাওয়া করা লাগবে না। আমরা জানি কিভাবে একটি দেশকে উন্নত করতে হয়। আওয়ামী লীগ জানে কিভাবে দেশের মানুষের উন্নয়ন করতে হয়।

তিনি বলেন, ভূমিহীনদের মাঝে খাস জমি বিলি করা হবে, মানুষকে ঘর-বাড়ি তৈরি করে দেয়া হবে। এমনকি যাদের জমি আছে, কিন্তু ঘর-বাড়ি তৈরির সামর্থ্য নাই, তাদের ঘর-বাড়ি তৈরি করে দেয়া হবে। বাংলাদেশের কোন মানুষকে আর কুঁড়ে ঘরে থাকবে তা হবে না।

ছিটমহলবাসীদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ছিটমহল এখন আর বাইরের কিছু নয়। এটা এখন বাংলাদেশেরই অংশ। ছিটমহলের মানুষ এখন বাংলাদেশেরই নাগরিক।

কেবি