আজ শুক্রবার বিকেলে ৫ টায়  বিজিএমইএ’র প্রতিনিধি দল যাচ্ছেন রাজধানীর বাড্ডা এলাকার হোসেন মার্কেটের সপ্তমতলায় তুবা গার্মেন্টসের শ্রমিকদের আমরণ অনশন স্থলে।

৫ সদস্যের এ প্রতিনিধি দল তুবা গ্রুপে যাবার বিষয়টি জানিয়েছেন বিজিএমই'র আরবিটেশন কমিটির চেয়ারম্যান আহাদ আলী আনসারী।

তিনি সাংবাদিকদের বলেন, আজ বিকেল ৫ টার দিকে বিজিএমইএ’র একটি দল তোবা গ্রুপে অনশনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে যাবেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তবে বিজিএমইএ’র কর্মকর্তারা তুবা গ্রুপের শ্রমিকদের রোষের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন।

এদিকে বিজিএমইএ’র এক কর্মকর্তা বলেন, ঈদের ছুটির কারণে বিজিএমইএ বন্ধ থাকায় তুবায় যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু শ্রমিকেরা তো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

আমরণ অনশনে অংশ নেওয়া বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সাঙবাদিকদের বলেন, শ্রমিকরা যে এত রেগে আছেন, তাতে করে বিজিএমইএ’র প্রতিনিধি দলের উচিত হবে, তাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করে এখানে আসা।

তিনি বলেন, আমরা শ্রমিকদের শান্ত রাখার চেষ্টা করবো। কিন্তু অনাহারে-অর্ধাহারে থাকা শ্রমিকেরা তা কতটা মেনে নেবেন জানি না।

তিনি বলেন, আর বিজিএমইএ’র নেতারা আনন্দে ঈদ উৎযাপন করেছেন। কিন্তু, একবারও কি তাদের মনে হলো না যে, এই মানুষগুলো ঈদের দিন না খেয়ে আছে। শ্রমিকদের সন্তানেরা অর্ধাহারে দিন কাটাচ্ছে। আসলে মালিকেরা শ্রমিকদের মানুষই মনে করেন না।

বকেয়া তিন মাসের বেতন-বোনাসের দাবিতে তুবা গ্রুপের শ্রমিকেরা ঈদের আগের দিন থেকে আমরণ অনশনের ডাক দেন। কিন্তু, বিগত পাচ দিনেও বিজিএমইএ’র পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল তুবা গ্রুপের যায়নি।

এরই মধ্যে ৬৬ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন শ্রমিক নেতা মোশরেফা মিশু। এর মধ্যে ১০ শ্রমিক গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম/ একে