নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর এসএসসি উচ্চবিদ্যালয় কেন্দ্রের কাছ থেকে চিত্রা শীল (১১) নামে এক পিএসসি (প্রাথমিক শিক্ষা সমাপনী) পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুর পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে। চিত্রা ফতেপুর ইউনিয়নের দেওসহিলা-দক্ষিণকান্দা গ্রামের শ্যামল শীলের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, দেওসহিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী চিত্রা শীল বিজ্ঞান পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হলে পার্শবর্তী ইটনা উপজেলার রাজি গ্রামের তুলক মিয়ার বখাটে ছেলে হলুদ মিয়া (২৭) তাকে জোর করে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত চিত্রার সন্ধান মেলেনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মফিজুল ইসলাম জানান, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

কেএইচ