নড়াইলে যাত্রার নামে অশ্লিল নাচ গানের আসর বসানো হয়েছে। নগ্ন নর্তকীদের নাচ গান দেখতে ও মাদকের নেশায় মেতে উঠতে সেখানে উঠতি বয়সি তরুনদের ভীড় বেড়েই চলেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, এসএসসি পরীক্ষা শেষ না হতেই সদর উপজেলার তুলারামপুর আশার আলো মহাবিদ্যালয়ের পাশেই যাত্রা গানের আসর বসানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এ আসর বসানোতে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এ যাত্রা প্যান্ডেলকে ঘিরে অসামাজিক কার্যকলাপের অভিযোগও রয়েছে।
প্যান্ডেলের মধ্যেই চলে বিভিন্ন রকম মাদক সেবন। প্রতি রাতে যাত্রা প্যান্ডেলের পাশে মাদকের হাট বসে। দেদারছে বিক্রি হচ্ছে সকল প্রকার মাদক। সন্ধ্যা হতে ভোর পর্যন্ত চলে নানা রকম মাদক সেবন আর অশ্লিল নাচ গান।
এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অনেক পরীক্ষার্থী অভিভাবকের চোখ ফাকি দিয়ে অশ্লিল নাচ গান দেখতে যাচ্ছে। জড়িয়ে পড়ছে নেশায়। সচেতন মহল এ যাত্রা বন্ধের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
নাম প্রকাশেঅনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এ যাত্রা চললে মাত্র কয়েকজন ব্যক্তি আর্থিকভাবে লাভবান হবেন। কিন্তু সমাজের জনগনের অপূরনীয় ক্ষতি হবে।
যাত্রার আয়োজক নড়াইল সদর সাব রেজিস্ট্রী অফিসের দলিল লেখক সমিতি’র সধারণ সম্পাদক আনিস’র সাথে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
আয়োজক কমিটি’র মেহেদী’র নিকট জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি মোবাইল কেটে দেন।
নড়াইল সদর থানার ওসি দেলায়ার হোসেন জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে। আর যদি মাদক ও অশ্লিল কোন কিছু ঘটে, তাৎক্ষনিক বন্ধ করে দেয়া হবে।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি জেলা পুলিশ সুপার এর উদ্বোগে মাদক বিরোধী এক শোভাযাত্রায় এক মাসের মধ্যে নড়াইলকে মাদক ও জঙ্গী মুক্ত করার ঘোষণা দেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম।
রিন্টু/জারিফ





