খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস তিন দিনের সফরে বাংলাদেশে আসবেন।ভ্যাটিকান থেকে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন পোপ।

আজ সোমবার দুপুরে ঢাকার কাকরাইলে আর্চবিশপ হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকার আর্চবিশপের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। তিনি বলেন, পোপ ফ্রান্সিসের সফরের দুটি দিক আছে। প্রথমত, পোপ ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান হিসেবে সফর করবেন। দ্বিতীয়ত, তিনি খ্রিষ্টানদের ক্যাথলিকমণ্ডলীর প্রধান ধর্মগুরু ও প্রধান পালক হিসেবে খ্রিষ্টান সমাজে পালকীয় সফর করবেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি বলেন, পোপ ফ্রান্সিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

এর আগে ১৯৮৬ সালের ১৯ নভেম্বর পোপ দ্বিতীয় জন পল এক রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছিলেন।

এএইচ