সাতক্ষীরায় ৪ দিনব্যাপী জলবায়ু বিষয়ক তথ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে ঘুমিয়ে এবং মঞ্চের পেছনে আড়ালে থেকে ধুমপান করে নতুন বিতর্কের তৈরী করলেন সম্প্রতি বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।

মঙ্গলবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এ মেলায় মন্ত্রী পুরো অনুষ্ঠানেই নিদ্রামগ্ন ছিলেন। এর আগে অনুষ্ঠান শুরু হলে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত মঞ্চের পেছনে কাপড় দিয়ে ঘেরা বিশেষ স্থানে মন্ত্রী ঘুমিয়ে ও ধুমাপন করে কাটান।

এদিকে বিশ্রাম শেষে মঞ্চে উঠেও তিনি নিদ্রামগ্ন ছিলেন। তবে মাঝে মাঝে তিনি সন্বিত ফিরে পেয়ে এদিক ওদিক দেখে আবার মাথা নিচু করে ঘুমিয়ে পড়েন।

মন্ত্রী সৈয়দ মহসীন আলী কী সত্যি ঘুমান? নাকি ঘুমানোর ভান করেন এনিয়ে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উপস্থিত হাজারো মানুষ ছিলেন কৌতুহলী।

পরে বাংলাদেশ দলিত পরিষদের সভাপতি উদয় দাসের সভাপতিত্বে ৪ দিনব্যাপী জলবায়ু বিষয়ক তথ্য মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন,আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম শেখ মুজিবের ৬ দফা প্রতিষ্ঠিত করতে, ১১ দফা প্রতিষ্ঠিত করতে। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম বিসর্জনের মাধ্যমে অর্জিত এই দেশকে এগিয়ে নিতে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

মন্ত্রী আরো বলেন, মুসলমানদের মধ্যে অস্পৃশতা কম। এটা হিন্দুদের মধ্যে বেশি। এই ভেদাভেদ ভুলে যেতে হবে।

ইআর