ভেজাল খাদ্য গ্রহণের ফলে দেশে প্রতিবছর প্রায় ৩০ লাখ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন উন্নয়ন সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়।

‘নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ জীবনের অঙ্গীকার’ স্লোগানকে ধারণ করে আজ পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটিকে সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবিতে ঢাকাসহ ৪৫টি জেলায় একযোগে সুপ্র’র উদ্যোগে মানববন্ধন করা হচ্ছে বলে জানানো হয়।

মানববন্ধনে নিরাপদ খাদ্য বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা তুলে ধরে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০ লাখ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। যার অন্যতম কারণ ভেজাল খাদ্য। একইভাবে অনিরাপদ খাদ্যের কারণে বিশ্বে প্রতিবছর ৫৮২ মিলিয়ন মানুষ ডায়ারিয়ায় আক্রান্ত হয়। এরমধ্যে ৩৫১ মিলিয়নই মৃত্যুবরণ করে।

খামার থেকে ভোক্তাদের কাছে খাদ্য আসার প্রক্রিয়ার ত্রুটিপূর্ণ বিভিন্ন দিক উল্লেখ করে বক্তারা বলেন, খাদ্য দ্রব্য প্রক্রিয়ার বিভিন্ন স্তরে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক, কার্বাইড ও ফরমালিন মেশানো হচ্ছে। ফলে বেঁচে থাকার প্রধান নিয়ামক খাদ্যকে বিষময় করে তুলছে। ভেজাল খাদ্য গ্রহণে কিডনি, লিভারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে দীর্ঘমেয়াদি ক্যান্সারসহ মারাত্মক রোগ হচ্ছে।

বক্তারা আরও বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্য প্রায় দু’শতাধিক রোগ সৃষ্টি করে। ৫ বছরের নিচে শিশুদের প্রায় ৪০ শতাংশ রোগের জন্য দায়ী অনিরাপদ খাদ্য।

বাংলাদেশে খাদ্যে ভেজাল রোধে দেরিতে হলেও ফরমালিন আইন-২০১৫ পাস হওয়ায় সরকারকে স্বাগত জানিয়ে তারা বলেন,এর ফলে নিরাপদ খাদ্য পাবে বলে জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এ সময় শুধু আইন করে নয় বরং উৎপাদন পর্যায় থেকে খাদ্যে রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রেণের দাবি জানান বক্তারা।

মানববন্ধান থেকে সরকারের অঙ্গীকার মোতাবেক কমিউনিটি ক্লিনিকের যথাযথ বাস্তবায়ন, তদারকি জোরদার, ফরমালিন ও নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করা, পাঠ্যপুস্তকে পুষ্টি, নিরাপদ খাদ্য সম্পর্কে প্রবন্ধসহ ৯টি দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুপ্র’র সহযোগী সমন্বয়ক মো. আরিফুল ইসলাম, সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম প্রমুখ।

এমএ/কেএইচ