কুমিল্লার চৌদ্দগ্রামে মা রোকেয়া বেগমকে (৪২) কুপিয়ে হত্যা করেছে ছেলে হায়াত নবী (২৩)।

সোমবার দুপুরে উপজেলার গুজরা গ্রামে এ ঘটনা ঘটে। রোকেয়া উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গুজরা গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, দুপুরে মায়ের কাছে টাকা চায় ছেলে হায়াত নবী।

এ সময় টাকা না দেয়ায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হায়াত।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

ঘাতক হায়াত নবীকেও আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এআর