চট্টগ্রাম নগরীর হালিশহর থানার গোল্ডেন কমপ্লেক্স আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার চারজনকে সাত দিনের রিমান্ড নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম (সিএমএম) মশিউর রহমান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার এস আই জমির উদ্দিন গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানী শেষে প্রত্যেকের  বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকিন ইবনে মিনান বলেন, ‘মহানগর হাকিম আদালতে এই মামলার রিমান্ড শুনানীর জন্য আগামী ১৮ মার্চ নির্ধারণ করা হলেও আদালত সচল হওয়ায় সিএমএম আদালতে রিমান্ড আবেদনের শুনানী করা হয়। আদালত শুনানী শেষে ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে প্রত্যেক আসামীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এরআগে ২৬ ফেব্রুয়ারি ১০ আসামীদের বিরুদ্ধে রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদন মহানগর হাকিম নুর ই আলম ভূইয়া স্থগিত করে তাদের জেল হাজতে পাঠিয়েছিলেন।

প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি হালিশহর গোল্ডেন কমপ্লেক্স আবাসিক এলাকা থেকে জঙ্গি সন্দেহে বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ফয়জুল হক, রহিমা আক্তার, আব্দুল হাই ও জাহেদ উল্লাহকে গ্রেপ্তার করে। পরের দিন হালিশহর থানায় ছয়জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে র‌্যাব-৭ এর উপ সহকারি পরিচালক এমজি রব্বানী বাদী হয়ে হালিশহর থানায় মামলাটি দায়ের করেন।

জেআই