টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কে টাঙ্গাইলগামী একটি চলন্ত বাসে ডাকাতি হয়েছে।
এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাসের ৪ যাত্রী আহত হয়। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রসুলপুর-এতিমখানার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। তবে বনাঞ্চলের রাস্তায় টহলরত পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বাসের যাত্রীরা জানায়, ময়মনসিংহ ও মুক্তাগাছা এলাকা থেকে কিছু লোক যাত্রী বেশে ওই বাসে ওঠেন। রসুলপুরের পর বনাঞ্চলের রাস্তায় বাসটি প্রবেশ করতেই তারা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা বাসযাত্রী মুক্তাগাছার জাহাঙ্গীর ৩৬), কালিবাড়ীর রফিকুল ইসলাম(৪০), মাদ্রাসা ছাত্র রোকনুজ্জামান(১৮) ও অপর অজ্ঞাত এক ব্যক্তিকে ৪৫) পিটিয়ে আহত করে।
তারা জানান, বাসে থাকা আনারস ও কাঁঠাল ব্যবসায়ীদের কাছ থেকে দুই লাখ টাকার মতো লুট করে ডাকাতরা এতিমখানা বাইদ এলাকায় বাস থেকে নেমে বনে পালিয়ে যায়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, ঘটনা শুনেই পুলিশ পাঠানো হয়েছে। তবে এটা ডাকাতি কিনা তদন্ত করে দেখা হবে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ বনাঞ্চলের রাস্তায় ২৪ ঘণ্টা পুলিশ পাহারা থাকলেও ৫/৭ কিলোমিটার বনের রাস্তায় নিয়মিত ডাকাতিসহ নানা অঘটন ঘটছে।
এসএইচ





