বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, গণমাধ্যমের গলায় ডান্ডাবেড়ি পরিয়ে খাঁচায় বন্দি করতে চায় সরকার।
বুধবার বিকালে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০ দলীয় জোটের যশোর জেলা শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরিকুল বলেন, খাঁচায় গণমাধ্যম হয়তো ভালো থাকবে, কিন্তু তাতে কোন প্রাণ থাকবে না।
তরিকুল ইসলাম বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দিয়ে বিচার বিভাগকেও ধ্বংস করার চেষ্টা চলছে। বিভিন্ন দেশে এ ধরণের আইন থাকার কথা বলা হলেও সেসব দেশে কয়েকশ বছর ধরে গণতন্ত্র রয়েছে। অথচ আমাদের দেশে গণতন্ত্র এখন দুর্গন্ধ ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে বর্তমান সরকার ৫ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। কিন্তু দেশের মানুষ কোনভাবেই তাদের এই অনৈতিক আবদার পূরণ হতে দেবে না।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, জাতীয় পার্টির সাবেক এমপি আহসান হাবিব লিংকন, এমএম আমিনউদ্দিনসহ জোটভুক্ত দলগুলোর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





