রাজধানীর বনানীর হোটেল দ্য রেইনট্রি পরিদর্শনে গেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার বেলা সোয়া ১১টার দিকে ডিএনসির গুলশান জোনের একটি দল হোটেলটি পরিদর্শনে যান।

পরিদর্শক দলে নেতৃত্ব দিচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওয়াবদুল কবির।

জানা গেছে, হোটেলে কোনো মাদকদ্রব্য আছে কী না বা এর আগে ছিল কী না তা খতিয়ে দেখবেন তারা। কারণ রেইন ট্রি হোটেলের মদের বারের কোন লাইসেন্স নেই।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর দ্য রেইনট্রি হোটেলে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী। ওই ঘটনায় গত ৬ মে রাজধানীর বনানী থানায় অভিযুক্ত সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তারা।

সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার অভিযুক্তদের পাশাপাশি আলোচনায় চলে আসে দ্য রেইনট্রি হোটেল।

এমএনজে