জাতীয় সংসদে এমপি এবং মন্ত্রীদের মোবাইল সিমকার্ড বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের জন্য উদ্যোগ নিয়েছেন ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আগামী অধিবেশনে সংসদ ভবনে অপারেটরগুলোর ডিভাইস বসিয়ে আঙুলের ছাপ তথা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের প্রস্তাব করা হয়েছে। এজন্য স্পিকার বরাবর চিঠিও দেওয়া হয়েছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম।
মন্ত্রী জানান, শীতকালীন অধিবেশনের সময় সংসদ ভবনে একটি অস্থায়ী সেন্টার বসানো হবে। এক টেবিলে ছয়টি মোবাইল অপারেটরের ডিভাইস থাকবে। সেখানে সংসদ সদস্যরা আঙুলের ছাপ নিয়ে সহজেই তথ্য ভেরিফিকেশন করে নিতে পারবেন।
‘স্পিকারের অনুমতি পেলে আগামী অধিবেশনে এ কার্যক্রম শুরু হবে। অন্তত সাতদিনের মধ্যে সংসদ সদস্যরা ভেরিফিকেশন করে নিতে পারবেন’- বলেন তারানা হালিম।
গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন তারানা হালিম।
এ পদ্ধতিতে আগামী চারমাসের মধ্যে সব অপারেটরের সিম নিবন্ধনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বিটিআরসি’র নভেম্বর মাসের তথ্য অনুযায়ী, ছয়টি মোবাইল অপারেটরের মোট গ্রাহক ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার।
সারা দেশে ছয়টি অপারেটরের রিটেইলার পর্যায়ে ৮১ হাজার ৫০০টি ডিভাইস দিয়ে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিটিআরসি।
এআই





