যশোরে মদন অধিকারী (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের মানিকদিহি গ্রামের রেললাইনের পাশের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মদন অধিকারী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়া গ্রামের বিমল অধিকারীর ছেলে।

স্থানীয়রা জানান, মদন অধিকারী (৩৫) যশোরের সাতমাইল, চুড়ামনকাটি, চৌগাছা এবং কালীগঞ্জের বারোবাজার এলাকার বিভিন্ন তরকারির আড়াতে শ্রমিকের কাজ করতেন।

বৃহস্পতিবার হৈবতপুর ইউনিয়নের মানিকদিহি গ্রামের রেললাইনের পাশের মাঠ থেকে তার লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

সাজিয়ালি পুলিশ ফাঁড়ির এসআই সুকুমার কুণ্ডু বলেন, মদন অধিকারীর গলাকাটা মৃতদেহটি পড়েছিল যশোরের মানিকদিহি গ্রামের রেললাইনের পাশে।

স্থানীয়দের খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে, সেটি এখনও জানা যায়নি।

এমআর