নোয়াখালীতে স্থানীয় জনতার গণপিটুনিতে আবদুল কাদের প্রকাশ মাস্টার (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

মঙ্গলবার ১২টার দিকে জেলার সূবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল কাদের উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাসান গ্রামের মৃত গোলাপ মাওলার ছেলে। তার বিরুদ্ধে স্থানীয় এলাকায় বিভিন্ন সময় ডাকাতির অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানায়, চরজব্বার ইউনিয়নের বাসিন্দা আবদুল কাদের প্রকাশ মাস্টার আন্তঃজেলা ডাকাত দলের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন সময়ে একই এলাকায় ডাকাতি সংঘটিত করে আসছিল। এ বিষয়ে কয়েকবার থানা পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগও দিয়েছে স্থানীয় এলাকাবাসী।

এর জের ধরে স্থানীয় জনতা একত্রিত হয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির।

তিনি জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমকে