আফগানিস্তানে চলমান পরিস্থিতিতে আটকেপড়া ১৫ বাংলাদেশি নাগরিক আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দেশে ফিরবেন। কাবুল থেকে তারা বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম।

মার্কিন বাহিনীর সহায়তায় গত শুক্রবার ( ২৭ আগস্ট ) দোহায় পৌঁছান আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ বাংলাদেশি।

২৮ আগস্ট ( শনিবার) পৌঁছান আরও ৬ জন। তারও আগে দোহায় পৌঁছেছিলেন আরও ৩ জন। সব মিলিয়ে কাবুল থেকে যাওয়া ১৫ বাংলাদেশি বর্তমানে দোহায় অবস্থান করছেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর আগে জানিয়েছিলেন আফগানিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সম্ভাব্য সব ধরনের ব্যবস্থার জন্য যোগাযোগ করে চলছে।

ড. মোমেন বলেন, ‘ যেকোনো দেশে বাংলাদেশি নাগরিকরা আটকে পড়লে আমরা সব সময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি।

আফগানিস্তানেও সুযোগ পাওয়া মাত্রই আমরা তাদের ফিরিয়ে আনব। আটকেপড়া বাংলাদেশিদের ঢাকা থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

কাবুলে বাংলাদেশের কোনো মিশন না থাকায় উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস আটকে পড়া বাংলাদেশিদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। তারা (উজবেকিস্তানে বাংলাদেশ মিশন) এর ব্যবস্থা করবে।’

এইচএন