খুলনায় জেসমিন বেগম নামের এক গৃহবধূর দ্বিতীয় স্বামীকে হত্যার দায়ে প্রথম স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।  

বুধবার (২৮ আগস্ট) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

নিহত স্বামীর নাম আবুল বাশার ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম স্বামীর নাম মো. খোকন। খোকন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নজির মোল্লার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৬ নভেম্বর খুলনা মহানগরীর নবপল্লী মসজিদ গলিতে ভাড়াটিয়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নেশাগ্রস্ত অবস্থায় খোকন ২০১৫ সালে তার স্ত্রী জেসমিনকে তালাক দেন। একই বছরে জেসমিন নবপল্লী এলাকার আবুল বাশারকে বিয়ে করেন। কিন্তু ওই অবস্থায় খোকন আবুল বাশারের কাছে তার স্ত্রীকে ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন।

এতে রাজি না হওয়ায় খোকন ওই বছরের ৬ নভেম্বর ভোরে ধারালো অস্ত্র দিয়ে বাশারকে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন ৭ নভেম্বর বাদী হয়ে তার প্রথম স্বামী খোকনের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

২০১৭ সালের ৩ মার্চ তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মল্লিক মো. ইমাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নিহত স্বামী আবুল বাশার  হত্যা মামলায় ১৬ জন সাক্ষীর প্রত্যেকে আদালতে সাক্ষ্য প্রদান করেন।

এমবি