রাজধানী ঢাকা শহরে ৬৯ জন চিকিৎসক, ৮০ নার্সসহ মোট ২০২ জন স্বাস্থ্যকর্মী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের হিসাব বলছে, গতকাল (২১ আগস্ট) পর্যন্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ জন চিকিৎসক ও ২২ নার্স ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে ২০ আগস্ট পর্যন্ত ঢাকা শহরে ৬৯ জন চিকিৎসক, ৮০ নার্স, ৫৩ জন সহকারীসহ মোট ২০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬ জন চিকিৎসক, ১১ জন নার্স ও ৪ জন সহকারী এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৬২ জন শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে ২৫ জন চিকিৎসক, ২২ জন নার্স ও অন্যান্য কর্মচারী ১৫ জন।

সম্প্রতি সরকারের রোগনিয়ন্ত্রণ শাখার জরিপে দেখা গেছে, ঢাকার দুটি সরকারি হাসপাতালে ঝুঁকিপূর্ণ পর্যায়ে এডিস মশা আছে। একটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, অন্যটি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১১ জন চিকিৎসক ও ১৪ জন নার্স ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বলেন, “হাতা লম্বা জামা, লম্বা প্যান্ট ও মোজা পরে কাজ করার জন্য জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রত্যেককে চিঠি দেওয়া হয়েছে। প্রতিদিন হাসপাতালের চারপাশ পরিষ্কার করা হচ্ছে।”

চিকিৎসক ফারহান ইয়াসমিন এই মাসে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন। চার দিন পর ৯ আগস্ট তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। ১৮ আগস্ট পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই চিকিৎসক।

গতকাল (বুধবার) বিকেলে ফারহান ইয়াসমিন বলেন, “আমার বাসায় তিনজন ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। আমি ঠিক নিশ্চিত না, বাড়িতে, নাকি মুগদা মেডিকেলে আক্রান্ত হয়েছিলাম।”

এমবি