১২ ঘণ্টা পর আজ সকাল ৯টা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পদ্মার প্রচণ্ড ঢেউয়ে সোমবার সকাল থেকেই এই রুটে স্বাভাবিক ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

১৬টি ফেরির মধ্যে গতরাত ৯টায় ১০টি বন্ধ হয়ে যায়। প্রচণ্ড ঘূর্ণিস্রোতে ফেরি চলাচল অসম্ভব হয়ে যায়। রাতভর মাত্র ৬টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়। এতে উভয় পাড়ে আটকা পরে ২ শতাধিক যান।

মাওয়া বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের কারণে গত ৩ দিন ধরে ফেরি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছে। ঢেউয়ের সাথে কুলোতে না পেরে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ১৬টি ফেরির মধ্যে সোমবার রাত ৯টা থেকে ৭টি ডাম্প ফেরি ও রাত সাড়ে ১১টা থেকে ৩টি কে-টাইপ ফেরি বন্ধ করে দেয়া হয়েছে।

পরে আজ সকাল ৯ টায় স্রোত কিছুটা কমে আসলে ফেরি সার্ভিস স্বাভাবিক হয়েছে। এ নৌরুটে ফেরি পারাপারে বার বার প্রতিবন্ধকার সৃষ্টি হচ্ছে। ঘাটে দেখা দিয়েছে যানজট। এ অবস্থা চলতে থাকলে আসন্ন ঈদে এখানে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ