পরস্ত্রীর সাথে মধু চন্দ্রিমার সময় সরকারি সম্পত্তি হারিয়ে যাওয়ার অভিযোগে রোববার পাবনা সদর থানার এসআই জাহিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ফরিদা ইয়াসমিন নামে ঐ নারীর সাথে রাত্রিযাপনের সময় তার নামে ইস্যুকৃত সরকারি একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন খোয়া যায়।
রোববার সন্ধ্যায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ লাইনে নেয়া হয়েছে।এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জাহিদের কথিত বান্ধবী ও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সদর থানার একটি বিশ্বস্ত সূত্র জানান, এ ঘটনায় পাবনা সদর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সোমবার ডিউটি শেষে এসআই জাহিদুল ইসলাম জাহিদ রাত নয়টার দিকে তার কথিত বান্ধবী ফরিদা ইয়াসমিনকে নিয়ে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার টিবি হাসপাতালের পেছনের একটি বাসায় রাত যাপন করেন।
ফরিদা ইয়াসমিন সিরাজগঞ্জ শহরের জানপুর ব্যাংকপাড়ার শহিদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।
রাতের কোনো এক সময় ৮ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ওই এসআই জাহিদের পিস্তলটি হারিয়ে যায়। সকালে পিস্তল হারানোর ঘটনায় চেঁচামেচি শুরু হলে প্রতিবেশীদের মধ্যে ঘটনাটি ফাঁস হয়ে যায়।
ঘটনার দুই দিন পর (২৯ অক্টোবর, বুধবার) থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ওই বাড়ির ছেলে কাজী সালাউদ্দিন সুজন ও ফরিদা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করেছে।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, দুই দিন আগেই এসআই জাহিদকে দায়িত্বহীনতার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অস্ত্রটি উদ্ধারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কেএইচ





