ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ এবং বিএসএফের হাতে আটকের ঘটনায় কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ওসিসহ সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে কুড়িগ্রাম পুলিশ সুপার।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন, নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহেল আবু সাইদ, এসআই শামসুল হকসহ সাতজন।
বুধবার সকাল ১০টার দিকে তাদের প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নিতে তিন সদ্যস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার এসআই শামছুল হক ছয় সদস্যের ফোর্স নিয়ে চোরাকারবারীদের ধরতে ত্রিমোহিনী হাট এলাকায় শিংঝার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে যায়। এসময় ভারতের আটিয়ালডাঙ্গা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ধাওয়া করে এসআই শামছুল হককে ধরে নিয়ে যায়।
দেড় ঘণ্টা পর নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্ত দিয়ে বিজিবির নিকট শামছুল হককে ফেরত দেয় বিএসএফ।
কুড়িগ্রাম পুলিশ সুপার ডা. তবারক উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে।
কেএইচ





