অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নাটোর জেলার নলডাঙ্গায় কলিম উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুরে উপজেলার পাটুল-হাপানিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
কলিম উদ্দিন নলডাঙ্গা উপজেলার চার নম্বর পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পাটুল-হাপানিয়া উচ্চবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার পাটুল-হাপানিয়া উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং শেষে ঠাকুর-লক্ষ্মীকুলের বাড়িতে ফিরছিলেন কলিম উদ্দিন। এসময় ওই স্কুলের মাঠের ভেতর প্রতিপক্ষ ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ান হোসেনের সমর্থকরা লাঠিসোটা নিয়ে কলিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের আবাসিক চিসিৎসক আবুল কালাম আজাদ বলেন, আওয়ামী লীগ নেতা কলিম উদ্দিনে মাথায় ও ডান পায়ে গুরুতর জখম করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়েছে।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





